ময়মনসিংহের ভালুকায় বিষধর সাপের কামড়ে আনুমানিক ৫০–৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও এলাকার ১ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে গত রাতে বিষধর সাপের কামড়ের শিকার হন ওই নারী। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। এ সময় তাঁকে অ্যান্টিভেনমও দেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সতর্কতা: সাপের কামড়ের শিকার হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে। আক্রান্ত স্থানে কাটা, বিষ চুষে বের করার চেষ্টা কিংবা শক্ত করে বাঁধা থেকে বিরত থাকতে হবে।
কমেন্ট বক্স