ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ওমর ফারুক তালুকদার
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩) নামে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে নিজেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির নতুন ঘরে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। এ সময় স্টিলের দরজার ফাঁক দিয়ে বৈদ্যুতিক তার নেওয়া হয়েছিল বলে জানা গেছে। এতে দরজাটিতে বিদ্যুতের সংযোগ তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একপর্যায়ে ঘুম থেকে উঠে বড় বোন নাহিদা দরজা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় বড় বোনকে বাঁচাতে গিয়ে ছোট বোন ফাতেমা তাকে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।